
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র নয় দিন বাকি। অন্যান্য দল ও প্রার্থীরা যখন শেষ মুহূর্তের প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন, তখন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নির্বাচনী কার্যক্রমে দেখা দিয়েছে ভাটা। দলটির প্রতীক ‘একতারা’ হলেও ফটিকছড়ির নির্বাচনী মাঠে সেই একতারার কোনো সুরই বাজছে না।
এই আসনে প্রার্থী খোদ দলটির চেয়ারম্যান ও ফটিকছড়ির আধ্যাত্মিক বনেদি পরিবারের সন্তান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী। হেভিওয়েট প্রার্থী হওয়ার পরও তার নির্বাচনী কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা।
স্থানীয় ভোটারদের মতে, জনপ্রিয়তার অভাবেই মূলত মাঠে নেই দলটি। উপজেলার বাসিন্দা কুতুব উদ্দিন মাইজভান্ডারী বলেন, “সাবেক ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হওয়ায় দলটি সাধারণ মানুষের কাছে সমালোচনার মুখে পড়েছে। তাদের কোনো প্রচার-প্রচারণা নেই। লোকসমাগমেও ‘একতারা’ নিয়ে কেউ মাথা ঘামায় না। রাজনৈতিক আলোচনায় এই দলের অস্তিত্ব বা প্রভাব নেই বললেই চলে।”
নির্বাচনের দ্বারপ্রান্তে এসেও প্রচারণায় না থাকার বিষয়ে জানতে চাইলে সুপ্রিম পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. ইব্রাহিম মিয়া দাবি করেন, এখনো নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি। তিনি বলেন, “আমরা নিরাপত্তার অভাবে ভুগছি এবং প্রশাসনের পর্যাপ্ত সহযোগিতা চাই। তবে আজ বা কালের মধ্যেই সুন্নি মতাদর্শের সবাইকে নিয়ে বসব। শীঘ্রই মাঠে দেখা হবে।”
এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দীন মাইজভান্ডারী বলেন, “আমাদের শীঘ্রই মাঠে দেখা হবে। সুন্নিয়াত ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে একতারার বিকল্প নেই।”
আধ্যাত্মিক নগরী খ্যাত মাইজভান্ডার দরবার শরীফ ও হেফাজত ইসলামের ঘাঁটি হিসেবে পরিচিত এশিয়ার বৃহত্তম রাবার বাগানসমৃদ্ধ এই উপজেলা রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এখানে বিএনপির মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমিনের প্রচারণাই মূলত দৃশ্যমান।
এছাড়া গণঅধিকার পরিষদ ও ইসলামী আন্দোলনসহ আরও ৬ জন প্রার্থী মাঠে রয়েছেন। এমন পরিস্থিতিতে বিএসপির নীরবতা ভোটারদের বিস্মিত করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ সুপ্রিম পার্টি ২০২৩ সালের ১০ আগস্ট নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়। ফটিকছড়ি আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৪৬৫ জন। আগামী নির্বাচনে ১৪০টি ভোটকেন্দ্রে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন।