
খাগড়াছড়ির দীঘিনালায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সমাপনী দিনে কর্মকর্তাদের নিরাপত্তা বিষয়ে বিশেষ দিকনির্দেশনা দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দীঘিনালা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। ভোট গ্রহণের পূর্ববর্তী, চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।
তিনি এবারের নির্বাচনে প্রযুক্তিনির্ভর কঠোর নিরাপত্তার কথা উল্লেখ করে বলেন, নিয়মিত টহল ও অভিযানের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ড্রোনের মাধ্যমে আকাশপথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এছাড়া টহলরত সেনাসদস্যদের শরীরে বডি ক্যামেরা থাকবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন আরও বলেন, সকল ভোটার এবং ভোট গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে দীঘিনালা জোন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা জোন দৃঢ়প্রতিজ্ঞ।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন।