সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়াকে জেলা ঘোষণা ও হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি ডা. ফরিদুলের

কারিগরি ইনস্টিটিউট ও আধুনিক ডাম্পিং স্টেশন গড়ারও আশ্বাস
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ ফেব্রুয়ারী ২০২৬ | ৮:১৯ অপরাহ্ন


চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম নির্বাচিত হলে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি সাবেক মহকুমা পটিয়াকে পূর্ণাঙ্গ ‘জেলা’ হিসেবে ঘোষণা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণাকালে তিনি এসব উন্নয়নের রূপরেখা তুলে ধরেন।

ডা. ফরিদুল আলম বলেন, পটিয়া একটি সমৃদ্ধশালী জনপদ হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে এ অঞ্চলকে অবহেলিত করে রাখা হয়েছে। পটিয়ার মানুষ এবার পরিবর্তন চায়। নির্বাচিত হলে বেকার সমস্যার সমাধান, তরুণদের জন্য কারিগরি ইনস্টিটিউট স্থাপন এবং পটিয়ায় একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বা ডাম্পিং স্টেশন নির্মাণ করবেন বলেও তিনি আশ্বাস দেন।

হাবিলাসদ্বীপ ইউনিয়নে গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন কালারপোল থানা জামায়াতের আমির এস এম নাসির উদ্দীন, সেক্রেটারি ইব্রাহিম হোসেন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ মানিক, সেক্রেটারি নেজাম উদ্দীন, মাওলানা হারুনুর রশীদ, গাজী দিদার, সাফওয়ান আজহারী, মাইনুদ্দীন, ওমর ফারুক ও সাকিব প্রমুখ।

এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটিয়া পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালান দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী। এ সময় তিনি একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে দুটি পৃথক পথসভায় অংশ নেন। সেখানে তিনি মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত নিরাপদ পটিয়া গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পৌর সদরের গণসংযোগে ডা. ফরিদুলের সঙ্গে ছিলেন পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দীন, সেক্রেটারি রাশেদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাহবুবুর রহমান, জামায়াত নেতা দেলোয়ার হোসেন, মো. ফারুক, নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম প্রমুখ।