সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চবিতে অভিনব কায়দায় কাঠ পাচার: ফেসবুক ভিডিও দেখে মিলল ৭৬ টুকরো সেগুন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০২৬ | ৩:৪১ অপরাহ্ন


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পাচারকারীদের অভিনব কায়দায় কাঠ পাচারের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক শিক্ষার্থীর ধারণ করা ফেসবুক ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে পাহাড়ি ছড়া থেকে ৭৬ টুকরো মূল্যবান সেগুন ও গামারি কাঠ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন পাহাড়ি ছড়া এবং এর আশপাশের এলাকা থেকে এসব কাঠ জব্দ করা হয়।

ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়। মিঠু ইসলাম নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার’ নামক ফেসবুক গ্রুপে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায়, বোটানিক্যাল গার্ডেন এলাকার পেছনের ঝর্ণার ছড়া দিয়ে পানির স্রোতে বিপুল পরিমাণ কাঠের টুকরো ভেসে যাচ্ছে। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে নজরে আসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের।

তাৎক্ষণিকভাবে নিরাপত্তা দপ্তরের সদস্যরা ছড়া ধরে অভিযান শুরু করেন। একপর্যায়ে ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’ সংলগ্ন বাঁশ বাগানের পেছনের ছড়া থেকে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় মোট ৭৬ টুকরো কাঠ জব্দ করা হয়। উদ্ধারকৃত কাঠের অধিকাংশই মূল্যবান সেগুন গাছ, কিছু গামারি কাঠও রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের ধারণা, পাচারকারীরা পাহাড়ি ছড়ার উজানে কৃত্রিম বাঁধ দিয়ে প্রথমে পানি জমিয়ে রেখেছিল। পরে রাতের আঁধারে সেই বাঁধ ছেড়ে দিয়ে পানির তীব্র স্রোত তৈরি করে এবং সেই স্রোতে কাঠের টুকরোগুলো ভাটির দিকে ভাসিয়ে দেয়। এটি পাহাড়ি এলাকা থেকে কাঠ পাচারের একটি পুরনো কিন্তু কার্যকর কৌশল।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সুপারভাইজার শাহেদুল ইসলাম বলেন, ফেসবুকে ভিডিওটি দেখার পর আমরা কালক্ষেপণ না করে তাৎক্ষণিক অভিযানে নামি। প্রায় ২ কিলোমিটার সামনে অগ্রসর হয়ে আমরা ছড়া ও ঝোপঝাড় থেকে ৭৬টি কাঠের টুকরো উদ্ধার করতে সক্ষম হই। প্রশাসনের নির্দেশক্রমে রাতে ওই এলাকায় পাহারা জোরদার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।