সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

এমপি হলে কৈফিয়ত দেবেন আব্দুল্লাহ আল ফারুক

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ ফেব্রুয়ারী ২০২৬ | ৬:০৩ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচলিত জনসভার বাইরে ভিন্নধর্মী এক আয়োজনে তরুণ ও যুবসমাজের মুখোমুখি হয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। ‘জুলাই প্রজন্ম’ খ্যাত তরুণ ভোটারদের ভাবনা ও দাবি-দাওয়া শুনতেই এই ব্যতিক্রমী আয়োজন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চকরিয়া পৌরসভার মৌলবিরকুম বাজারস্থ ঝিলমিল রেস্তোরাঁ সংলগ্ন খোলা মাঠে ‘ফারুক মিটস জেন-জি – দ্য জুলাই জেনারেশন’ (FARUK MEETS GEN Z – The July Generation) ব্যানারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এবং তরুণ-তরুণী অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত জেন-জি বা তরুণ প্রজন্মের প্রতিনিধিরা সরাসরি প্রার্থীর কাছে এলাকার জ্বলন্ত সমস্যাগুলো তুলে ধরেন। তারা চকরিয়া-পেকুয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, মাদক নির্মূল, লবণ মাঠ ও চিংড়ি ঘের জবরদখল এবং চাঁদাবাজি বন্ধের বিষয়ে প্রার্থীর সুনির্দিষ্ট পরিকল্পনা জানতে চান। এছাড়া শিক্ষার মানোন্নয়ন এবং এলাকায় একটি কারিগরি শিক্ষা বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিও জোরালোভাবে উঠে আসে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল জবাবদিহিতা নিয়ে। নির্বাচিত হলে এমপিকে কীভাবে জবাবদিহির আওতায় আনা যাবে, তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।

তরুণদের এসব প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল ফারুক তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। জবাবদিহিতা নিশ্চিত করার প্রশ্নে তিনি বলেন, “কোনো কারণে কোনো প্রতিশ্রুতি পূরণে সমস্যা হলে বা বিলম্ব হলে, তার যৌক্তিক কারণ জনগণকে তাৎক্ষণিকভাবে জানানো হবে। জনগণের কাছে স্বচ্ছতা বজায় রাখাই হবে আমার প্রধান কাজ।”

তিনি তরুণদের আশ্বস্ত করেন যে, নির্বাচিত হলে জুলাই প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, চাঁদাবাজমুক্ত ও শিক্ষাবান্ধব চকরিয়া-পেকুয়া গড়তে তিনি কাজ করবেন।