
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালায় অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির বার্তা নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন খাগড়াছড়ি (২৯৮ নম্বর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল থেকেই দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া দীঘিনালা থানাবাজার, কবাখালী, বাবুছড়া, মেরুং ও বোয়ালখালীসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভোটারদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে জামতলি এলাকায় গণসংযোগের মধ্য দিয়ে দিনের প্রচারণা কার্যক্রম শেষ করেন।
নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ওয়াদুদ ভূঁইয়া পাহাড়ি ও বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজমান অশান্তি নিরসনে কার্যকর ভূমিকা রাখার জোরালো আশ্বাস দেন। তিনি বলেন, ২৯৮ নম্বর আসন থেকে নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালি—সব জনগোষ্ঠীর জন্য সমানভাবে কাজ করা হবে। কোনো বৈষম্য থাকবে না। তিনি অতীতের তুলনায় এলাকায় অন্তত ৫০ গুণ বেশি উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
বেকার সমস্যা সমাধান ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রসঙ্গে তিনি বলেন, যুবসমাজের জন্য ঘুষ ছাড়াই চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। পাশাপাশি দলের কেন্দ্রীয় ঘোষণার আলোকে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘হেলথ কার্ড’ প্রদান এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি ভোটারদের আশ্বস্ত করেন।
দিনব্যাপী এই পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে ওয়াদুদ ভূঁইয়ার সঙ্গে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিন্টু, জেলা বিএনপির উপদেষ্টা মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।