সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘বিশ্ববিদ্যালয় ছাত্রীদের মতো মা-বোনেরাও সৎ নেতৃত্বের পক্ষে রায় দেবে’

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:১৬ অপরাহ্ন


আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা ডা. ফরিদুল আলমের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে ব্যাপক শোডাউন করেছে দলের নারী শাখা। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিরি আনোয়ারা জামান মেমোরিয়াল হাসপাতাল মাঠে জিরি ইউনিয়ন জামায়াত মহিলা বিভাগের উদ্যোগে এই বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জোটের প্রার্থী নির্ধারণে কিছুটা বিলম্ব হওয়ার বিষয়টি স্বীকার করে নেন। তারা বলেন, প্রার্থী নির্ধারণে দেরি হওয়ার কারণে প্রচারণায় কিছুটা পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তে জামায়াতের সহযোগী সকল সংগঠন পূর্ণ উদ্যমে মাঠে নেমে পড়েছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সৎ ও যোগ্য প্রার্থী বিবেচনা করে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের বিপ্লব ঘটাতে তারা উপস্থিত নারীদের প্রতি আহ্বান জানান।

মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা জামায়াতের দায়িত্বশীল নেত্রী মোহতেনা আফিয়া। তিনি তার বক্তব্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন হবে মূলত দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজ যেন নির্বাচিত হতে না পারে, সে বিষয়ে মা-বোনদের সজাগ থাকতে হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন ছাত্রী বোনেরা ছাত্রশিবিরের ওপর আস্থা রেখেছে, ঠিক তেমনি এবারের জাতীয় সংসদ নির্বাচনেও মা-বোনেরা সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. ফরিদুল আলমকে বিজয়ী করবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালারপোল সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি কোহিনুর বেগম এবং জিরি ইউনিয়ন মহিলা জামায়াতের দায়িত্বশীল নেত্রী রহিমা বেগম। বক্তারা নারীদের দ্বারে দ্বারে গিয়ে দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দেওয়ার এবং ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। সমাবেশে স্থানীয় কয়েকশ নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।