সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না: চকরিয়ায় প্রশাসনের প্রতি হুঁশিয়ারি জামায়াত প্রার্থীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:১৩ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে উত্তাপ ছড়িয়েছে। জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ দেখে বিএনপি প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে যাকে-তাকে গ্রেপ্তার করাচ্ছে। তিনি প্রশাসনের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সুনির্দিষ্ট মামলা ছাড়া চকরিয়া ও পেকুয়ার কোনো মানুষকে আইনবহির্ভূতভাবে গ্রেপ্তার করা যাবে না। নির্বাচনের দিন সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল্লাহ আল ফারুক তার বক্তব্যে প্রতিপক্ষ দলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে বিএনপি কালো টাকা বিতরণ করছে। তবে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, এসবের তোয়াক্কা না করে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। কোনো ধরনের হুমকি-ধমকি কিংবা কালো টাকার প্রভাব দিয়ে দাঁড়িপাল্লার পক্ষে তৈরি হওয়া গণজোয়ার ঠেকানো সম্ভব হবে না।

এর আগে একই দিন বিকেলে চকরিয়া পৌরশহর ও পৌরসভার কসাইপাড়া এবং তরচঘাটা এলাকায় গণসংযোগ করেন আব্দুল্লাহ আল ফারুক। এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ তারিখ পর্যন্ত নিজেদের ভোট পাহারা দিতে হবে এবং ভোটের ফলাফল নিশ্চিত করে তবেই বাড়ি ফিরতে হবে।

সন্ধ্যায় পালাকাটায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাফেজ এহসানুল হক। এতে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার আমীর আরিফুল কবির, নায়েবে আমীর ফখরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌরসভা সভাপতি আরিফুল ইসলাম এবং চিরিংগা ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুন্নবী প্রমুখ। সভায় কয়েক হাজার সাধারণ মানুষ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী বার্তা তুলে ধরেন প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।