
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনাম বলেছেন, এ দেশের শান্তি-শৃঙ্খলা ও উন্নয়ন বিএনপি ছাড়া আর কেউ করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশ পরিচালনা করেছেন, তাই এ দেশের জনগণের সঙ্গে বিএনপির রক্তের সম্পর্ক রয়েছে। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার; ধর্ম যার যার, ধানের শীষ সবার।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রচারণাকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পটিয়াকে ধানের শীষের ঘাঁটি হিসেবে উল্লেখ করে আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
বিগত ২০১৮ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে নেতাকর্মীদের উদ্দেশে এনামুল হক এনাম বলেন, তখন দুইজন এক জায়গায় দাঁড়াতে পারেননি। তারা নেই, কিন্তু এখন আমরা আছি। যারা অন্যায় করবে, তারা দেশ থেকে পালিয়ে যাবে। তবে তিনি দলের নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ, মাস্তান ও সন্ত্রাসীদের স্থান নেই। কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের সামাজিকভাবে প্রতিরোধ করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন তিনি।
বক্তব্যে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্রে অবস্থান করে পরে ঘরে ফেরার আহ্বান জানান।
কোলাগাঁও ইউনিয়নে এই গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক কোলাগাঁও বিএনপির সাধারণ সম্পাদক হারুন খাকল, কোলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবু তৈয়ব চৌধুরী, সাবেক সেক্রেটারি মাহবুব আলম, সদস্য আবদুর রহমান হিরু, সিরাজুল ইসলাম মেম্বার, বিএনপি নেতা মো. কাউছার ও মো. নাছির। এছাড়া যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা নুরুল ইসলাম, সেকান্দর হোসেন নয়ন, মিজানুর রহমান কফিল, মোজাম্মেল হোসেন বাঁচা, মো. শাহজাহান, রবিউল আলম মেম্বার এবং স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল হোসেন প্রমুখ।