সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৮ ফেব্রুয়ারী ২০২৬ | ১০:১০ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে কঠোর সতর্কবার্তা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদনহীন প্রচারণার দায়ে তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ইসি সচিবালয় থেকে জারি করা এক চিঠিতে এই সতর্কবার্তা দেওয়া হয়। নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে আচরণবিধি কার্যকর থাকা অবস্থায় প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারসংক্রান্ত কিছু কার্যক্রম নির্বাচনী তদন্ত কমিটির (ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি) দৃষ্টিগোচর হয়েছে, যা আচরণবিধির নির্ধারিত বিধানের সঙ্গে সাংঘর্ষিক।

চিঠিতে উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি-২০২৫ এর সংশ্লিষ্ট বিধান অনুসারে নির্বাচন-পূর্ব সময়ে অনুমোদনবিহীন প্রচারণা চালানো থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট বিধান লঙ্ঘনের পুনরাবৃত্তি হলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর প্রাসঙ্গিক ধারায় জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করে দিয়েছে কমিশন।

ইসি সূত্র জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের বিষয়ে কমিশন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। উল্লেখ্য, এর আগেও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একই প্রার্থীকে শোকজ করেছিল ইসির ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি।