সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

অধস্তন আদালতের অবকাশকালীন ছুটি এখন বছরে দুই ভাগ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:১৬ অপরাহ্ন

Supreme Court
অধস্তন আদালতের বিচারকদের দীর্ঘদিনের প্রচলিত ডিসেম্বর মাসের পূর্ণাঙ্গ অবকাশকালীন ছুটিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে টানা এক মাসের পরিবর্তে বছরে দুই দফায় মোট এক মাস ছুটি উপভোগ করবেন তারা। সোমবার সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে। এতে প্রতি বছর ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এবং ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে অবকাশকালীন ছুটি থাকবে। অর্থাৎ, শীতকালীন ছুটির দৈর্ঘ্য কমিয়ে গ্রীষ্মকালীন ছুটি যুক্ত করা হলো।

সোমবার বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এতে হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি অংশ নেন। সভার একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

বিচারিক কার্যক্রম ছাড়াও প্রশাসনিক বিষয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সুপ্রিম কোর্ট সচিবালয়ে মোট ৪৬ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে পদায়ন করা হবে। এর মধ্যে ইতিমধ্যে ৬ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সচিবালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের রেকর্ড ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় সচিবালয়ের কার্যক্রম চলবে বলে সভায় জানানো হয়।