সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মৃত্যুর উপত্যকা থেকে ফেরা জীবন মানুষের জন্য: সালাহউদ্দিন

চকরিয়ায় শেষ জনসভায় মানুষের ঢল
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:০৩ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির শেষ নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। সোমবার বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত এই সমাবেশে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই গুম করা হয়েছিল।

বিকেলে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ আবেগাপ্লুত হয়ে বলেন, “আমার তো বেঁচে থাকার কথা ছিল না। আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে। প্রিয় চকরিয়া-পেকুয়াবাসী, আপনারা দোয়া করেছেন, রাব্বুল আলামিন আপনাদের মোনাজাত শুনেছেন এবং আমাকে মৃত্যুর উপত্যকা থেকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন।”

তিনি আরও বলেন, “আমি কথা দিচ্ছি, আমার এই নতুন জীবন, এই বর্ধিত হায়াত মানুষের সেবা, দেশের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষার জন্য উৎসর্গ করব।”

এর আগে দুপুরের পর থেকেই চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। বিকেল গড়াতে না গড়াতেই পুরো বাস টার্মিনাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জুলাই বিপ্লবের কথা স্মরণ করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “আমাদের সন্তানরা রক্ত দিয়ে শহীদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কারের জন্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।”

আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি নেতাকর্মীদের বলেন, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ কেন্দ্র ত্যাগ করবেন না। বিএনপির সরকার জনগণের সরকার, তাই জনগণের বিজয় সুনিশ্চিত।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ।

সমাবেশে আরও বক্তব্য দেন তাদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়াত আজিজ চৌধুরী রাজু এবং জেলা ওলামা দলের আহ্বায়ক আলী হাছান চৌধুরীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতারা।