সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ধানের শীষের সঙ্গে বাংলাদেশের ভাগ্য জড়িত: মীর হেলাল

হাটহাজারীতে শেষ জনসভায় মীর হেলালকে বিজয়ী করার আহ্বান
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ ফেব্রুয়ারী ২০২৬ | ১২:১১ পূর্বাহ্ন


ধানের শীষের বিজয়ের সঙ্গে বাংলাদেশের উন্নয়নের ভাগ্য জড়িত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, গত ১৭ বছর ধরে জীবনের মায়া ত্যাগ করে এদেশের সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সংগ্রাম করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে ধানের শীষে ভোট দিয়ে সেই সংগ্রামের পূর্ণতা দিতে হবে।

সোমবার রাতে প্রচারণার শেষ দিনে হাটহাজারী বাস স্টেশন এলাকায় আয়োজিত নির্বাচনী জনসভায় বিশাল জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এদিন বিকেল থেকেই উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

মীর হেলাল বলেন, “আমি বিশ্বাস করি হাটহাজারী-বায়েজিদ এলাকার জনগণের আস্থা আমার ওপর আছে। আপনারা ধানের শীষে ভোট দিন, আমি আপনাদের আমানতের প্রতিদান দিতে প্রস্তুত। গত চার দশক ধরে আমার পরিবার এই এলাকার মানুষের খেদমত করে আসছে। ধানের শীষে ভোট দিলে পাঁচ বছর পর নিশ্চয়ই মাথা উঁচু করেই আপনাদের কাছে যাব।”

দীর্ঘদিন ধরে এলাকার আনাচে-কানাচে ঘুরে বিভিন্ন সমস্যা চিহ্নিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, “শহীদ জিয়া ও খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারলে হাটহাজারীর ব্যাপক উন্নয়ন হবে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয়ী হলে এই জনপদে অভূতপূর্ব উন্নয়ন হবে।” তিনি ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসনের প্রতি পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, “যারা জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজের ভাগ্য সুপ্রসন্ন করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা দেশেই ছিলাম, পালিয়ে যাইনি। আমাদের ওপর নির্মম নির্যাতন হয়েছে, আমরা তা সহ্য করেছি। কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি।”

মীর নাছির উদ্দীন আগামী দিনে হাটহাজারী-বায়েজিদ এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিসহ শান্তি-শৃঙ্খলা রক্ষা করে একটি উন্নত ও সম্প্রীতির সংসদীয় আসন গড়ে তোলার অঙ্গীকার করেন। তিনি কোনো প্রকার অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সনাতনীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়কে নির্ভয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও উত্তর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদের সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান ও পৌরসভা বিএনপির সদস্যসচিব অহিদুল আলমের সঞ্চালনায় জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন, উপজেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা ফোরকান সিকদার, গণঅধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ শোয়েব, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, স্বেচ্ছাসেবক দলের উত্তর জেলা সদস্যসচিব আকবর আলি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি এবং সভাপতি ত্বকিুবল ইসলাম তকি। এছাড়া বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবক ও আলেম-ওলামারা জনসভায় উপস্থিত ছিলেন।