
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুম থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সসহ আনুষাঙ্গিক সব উপকরণ হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রগুলোতে পাঠানো সরঞ্জামের তালিকায় রয়েছে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, অমোচনীয় কালি, রাবার সিল, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড ও চার্জার লাইট। চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের অন্তর্ভুক্ত সাতকানিয়া উপজেলায় মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। এখানে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ১৬৭ জন।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সাতকানিয়ায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলায় ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সড়ক-মহাসড়কে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। এছাড়া ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের মহড়া দিতে দেখা গেছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকি বিবেচনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। স্বচ্ছতা নিশ্চিতে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান জানান, ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো ঘাটতি নেই। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সন্তোষজনক এবং বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি।”
ইউএনও আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কারণে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নেই। ভোটাররা নিরাপদ পরিবেশে কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।