সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকা ও মাইক্রোবাসসহ আটক ৩

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ১:৪১ অপরাহ্ন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। আটকের পর তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দকৃত টাকাগুলো চট্টগ্রাম-১৪ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর। ভোটের মাত্র একদিন আগে রিকুইজিশন করা গাড়িতে করে বিপুল পরিমাণ টাকা বহনের ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাত ১২টার দিকে সেনাবাহিনী নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী তার ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্বাচনী ট্রাইব্যুনাল বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

টাকা উদ্ধারের বিষয়ে বক্তব্য জানতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।