সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জেলা জামায়াত আমির আটক

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২:৩৬ অপরাহ্ন


নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঢাকা থেকে একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইটে সৈয়দপুরে অবতরণের পর তাকে আটক করা হয়।

পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটকের সময় তার কাছে একটি ব্যাগে বিপুল পরিমাণ নগদ টাকা ছিল। বর্তমানে টাকা গণনার কাজ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫০ লাখ টাকা গণনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নীলফামারীর পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। ওসি বলেন, “প্রায় ৫০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়েছে। টাকা গণনা এখনো চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, এগুলো তার ব্যবসার টাকা।”

এদিকে আটকের পর ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জামায়াত নেতা বেলাল উদ্দিন দাবি করছেন তার কাছে প্রায় ৬০ লাখ টাকা রয়েছে এবং এটি তার বৈধ ব্যবসার টাকা। ভোটের ঠিক আগের দিন বিপুল পরিমাণ নগদ অর্থসহ জামায়াত নেতার আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।