
ভোটের মাত্র একদিন আগে চট্টগ্রামের রাউজানে নির্বাচনী উত্তাপ ছড়িয়েছে। বুধবার দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া গ্রামে সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী এক বিএনপি কর্মীর বাড়ি লক্ষ্য করে একদল অস্ত্রধারী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ১০ থেকে ১২ জনের একটি অস্ত্রধারী দল শমসেরপাড়া গ্রামে প্রবাসী রুস্তম আলীর বাড়ি লক্ষ্য করে হঠাৎ করে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং গালিগালাজ করে দ্রুত স্থান ত্যাগ করে। রুস্তম আলী রাউজান আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
ঘটনার পরপরই গুলির শব্দ ও মানুষের ছোটাছুটির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা বুধবার সকালের ঘটনা বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, গুলির শব্দের পর স্থানীয় লোকজন আতঙ্কে রাস্তায় দৌড়াদৌড়ি করছেন। এতে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই অস্ত্রধারীরা পালিয়ে যায়। পুলিশ প্রবাসীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, প্রবাসীর বাড়িতে গুলির খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে কী কারণে গুলি ছোড়া হয়েছে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।