সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

অনিয়ম করলেই ধরা, সাতকানিয়ায় ইউএনও অফিস থেকে লাইভ মনিটরিং

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ৯:৫৩ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নজিরবিহীন প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলার সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে চালু করা হয়েছে অত্যাধুনিক সেন্ট্রাল মনিটরিং সেল। ভোটগ্রহণ চলাকালে এখান থেকেই প্রতিটি কেন্দ্রের ভেতর ও বাইরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন এবং কেন্দ্রীয়ভাবে তদারকির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ ও ১৫ আসনের অন্তর্ভুক্ত এই উপজেলায় মোট ১২৬টি ভোটকেন্দ্র রয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা, অনিয়ম বা দুর্বৃত্তায়নের চেষ্টা দেখা দিলে মনিটরিং সেল থেকেই তা তাৎক্ষণিক শনাক্ত করা হবে এবং সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।

নির্বাচন কার্যালয় সূত্র অনুযায়ী, সাতকানিয়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ১৬৭ জন। প্রতিটি কেন্দ্রে ১৩ থেকে ১৮ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করবেন, যাতে প্রতিটি কার্যক্রম নথিবদ্ধ থাকে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ডিজিটাল নজরদারি ব্যবস্থার ফলে পেশিশক্তির ব্যবহার, ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের মতো অনিয়মের সুযোগ কমবে। এতে ভোটারদের আস্থা বাড়বে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্ভব হবে বলে আশা করছে উপজেলা প্রশাসন। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।