সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, ৫ মিনিটে পৌঁছাবে ফোর্স: চট্টগ্রাম জেলা প্রশাসক

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:৩০ অপরাহ্ন


চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঈদ বা পূজার সময় যেমন ঢাকা থেকে মানুষের স্রোত নামে, ঠিক তেমনি এবারও ভোট দিতে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, যা একটি বড় অর্জন। বুধবার (১১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পৌঁছানো এবং সার্বিক প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, তারা কোনো কেন্দ্রকে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করছেন না; বরং প্রতিটি কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে ফোর্স মোতায়েন করা হয়েছে। তিনি আশ্বস্ত করে বলেন, কোনো কেন্দ্রে কোনো ঘটনা ঘটলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ দ্রুত উপস্থিতি নিশ্চিত করা গেলে ঝুঁকি অনেকটাই কমে যায়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, র‍্যাব ও বিজিবি—সরকারের সব বিভাগ একই গতি ও স্পিরিট নিয়ে কাজ করছে।

আনোয়ারা উপজেলায় একটি স্কুলের সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনা সম্পর্কে তিনি বলেন, ক্যামেরাটি ভাঙচুর করা হয়নি বরং সরিয়ে নেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে তা পুনঃস্থাপন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি। জেলা প্রশাসক বলেন, “রাজনৈতিক দলগুলো অংশ নেবে, কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু আমরা যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছি, আমরা জেতাতে চাই বাংলাদেশকে; জেতাতে চাই মানুষের প্রত্যাশাকে।”

বুধবার জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে। পরিদর্শিত কেন্দ্রগুলোর মধ্যে রাঙ্গুনিয়ার ব্রহ্মোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনুছিয়া তাজভীদুল কুরআন মাদ্রাসা এবং রাউজান মহিলা মাদ্রাসার নতুন ও পুরাতন ভবন অন্যতম।

পরিদর্শনকালে জেলা প্রশাসক নির্বাচনী মালামাল সংরক্ষণ ও নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং কর্মকর্তাদের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন। তিনি এবারের নির্বাচনকে দেশের ভাবমূর্তি রক্ষার এবং গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।