সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মীর হেলালের কাছে চাঁদা দাবি: ডিজিএফআই পরিচয়ে প্রতারক আটক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:৪৯ পূর্বাহ্ন


চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে চাঁদা দাবির অভিযোগে ডিজিএফআই পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটহাজারী থানাধীন আমান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. তাওহিদ তানভীর (৩৪) উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আমানবাজার এলাকার কাজী ফরিদ হায়দারের ছেলে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩৯ মিনিটে একটি অপরিচিত নম্বর থেকে বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মুঠোফোনে কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে নিজেকে সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা দাবি করা হয়।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়। তদন্তে বেরিয়ে আসে, ডিজিএফআই পরিচয় দেওয়া ওই ব্যক্তি আসলে ভুয়া এবং তিনি প্রতারণার আশ্রয় নিচ্ছিলেন।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার রাত ৯টার দিকে ১৫ আইএএস-এর নেতৃত্বে টাস্কফোর্স-১ বিশেষ টহল পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে আমান বাজার এলাকা থেকে অভিযুক্ত তাওহিদ তানভীরকে আটক করা হয়। পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে প্রার্থীর কাছে এমন চাঁদাবাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।