
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে পেকুয়া উপজেলা সদরের সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোটগ্রহণ শুরুর পরপরই তিনি সপরিবারে কেন্দ্রে উপস্থিত হন। এ সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ ও পুত্র সাঈদ ইব্রাহিম আহমেদসহ পরিবারের অন্য সদস্যরাও লাইনে দাঁড়িয়ে স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, “ইতিহাসের বাঁক বদল শুরু হয়েছে। আমি লাইনে সবার শেষে দাঁড়িয়ে ভোট দিলাম। এখানে সবাই এখন নিজের ভোটাধিকার নিয়ে সচেতন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রয়েছে।”
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, “আমাদের মুক্তিযোদ্ধারা যে প্রত্যাশায় রক্ত দিয়েছেন, আমাদের সন্তানেরা শহীদ হয়েছেন—সে প্রত্যাশা ও স্বপ্ন আকাশচুম্বী। গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই।”
তবে ভোটের পরিবেশ নিয়ে কিছুটা শঙ্কার কথাও জানান এই বিএনপি নেতা। তিনি বলেন, “আমি আশঙ্কা একদম উড়িয়ে দিচ্ছি না। কয়েকটি দুর্গম (রিমোট) এলাকা নিয়ে চিন্তা আছে। তবে এখন অবশ্য সেভাবে রিমোট নেই। আইনশৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেটসহ সকলে একসাথে সমন্বয়ে কাজ করছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”