
সারাদেশের মতো চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। নির্বাচন ঘিরে জনমনে কিছুটা উৎকণ্ঠা থাকলেও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ১৪০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
সকাল থেকেই ফটিকছড়ির বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন দেখা যায়। দীর্ঘসময় পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে ভোটাররা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সকাল পৌনে ৮টায় উপজেলার পাইন্দং শ্বেতকুয়া পাড়া কেন্দ্রে নিজের ভোট দেন জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। ভোট দেওয়ার পর পরিবেশ ও ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, “দেশের মানুষ নতুন বাংলাদেশের প্রত্যাশায় রয়েছেন।”
অন্যদিকে সকাল পৌনে ৯টায় নিজ কেন্দ্র নুর আহমদ ইঞ্জিনিয়ার উচ্চ বিদ্যালয়ে ভোট দেন বিএনপি প্রার্থী সরওয়ার আলমগীর। শান্তিপূর্ণ ভোট হচ্ছে জানিয়ে তিনি বলেন, “ভোটারদের সমর্থন নিয়ে বিজয় আসবে বলে আমি বিশ্বাস করি।”
এছড়াও সুপ্রিম পার্টির সৈয়দ সাইফুদ্দিন মাইজভান্ডারী, গণঅধিকার পরিষদের রবিউল হাসান, ইসলামী আন্দোলনের মো. জুলফিকার আলী মান্নানসহ অন্যান্য প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন এবং নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তবে ভোটের মাঠ শান্ত থাকলেও বেলা ১১টার দিকে অভিযোগ তুলেছে জামায়াত। দলটির প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট ইসমাইল গনি নাজিরহাট আহমদীয়া মাদ্রাসা কেন্দ্রে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, “উপজেলার প্রতিটি কেন্দ্রে স্থানীয় বিএনপির নেতারা জোর খাটিয়ে কেন্দ্রে প্রবেশ করে প্রিসাইডিং অফিসারদের ওপর প্রভাব বিস্তার করছেন এবং ভোটারদের প্রলুব্ধ করার চেষ্টা করছেন।” বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ মাঠে সক্রিয় রয়েছে। সকাল ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
সংসদীয় এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৭৮৪ জন। ১৪০টি ভোটকেন্দ্রে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।