সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় শান্তিপূর্ণ ভোটের পরিবেশ, সন্তোষ জামায়াত প্রার্থীর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ ফেব্রুয়ারী ২০২৬ | ১:৪৮ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার আগে ও পরে তিনি কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা নারী ও পুরুষ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

ভোট প্রদান শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবদুল্লাহ আল ফারুখ বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং জনগণ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রিয় চকরিয়া-পেকুয়াবাসী আগামী দিনে সুশাসন ও জবাবদিহিমূলক একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে দাঁড়িপাল্লা প্রতীকে তাদের অকুণ্ঠ সমর্থন জানাবেন।

এছাড়া তিনি চকরিয়া ও পেকুয়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমি আমার ভোট দিয়েছি। আপনারা সবাই দলে দলে ভোটকেন্দ্রে আসুন এবং উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় রায় দিন।