
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের পথে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া সর্বশেষ বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, এই আসনের ১৭৭টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৭৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীকে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১ লাখ ২ হাজার ১১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৩ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টা পর্যন্ত পাওয়া ফলাফলে বিএনপির প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে আছেন।
উল্লেখ্য, চকরিয়া ও পেকুয়া উপজেলার দুই উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। বাকি কেন্দ্রগুলোর গণনা শেষ হলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।