
কক্সবাজারের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ও বিকেলে উপজেলার বিএমচর এবং কোনাখালী ইউনিয়নে এই দুর্ঘটনাগুলো ঘটে। নিহত দুই শিশুরই বয়স দুই বছর। এ ঘটনায় একটি ঘাতক ল্যান্ডক্রুজার গাড়ি জব্দ করেছে স্থানীয় জনতা।
নিহতরা হলো—বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা এলাকার বোরহান উদ্দীনের মেয়ে হোসাইফা (২) এবং কোনাখালী ইউনিয়নের মোহাম্মদ রাহিত (২)।
চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিএমচর ইউনিয়নের ছৈনাম্মারঘোনা এলাকায় বাড়ির সামনের সড়কে একটি দ্রুতগামী ল্যান্ডক্রুজার গাড়ি শিশু হোসাইফাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করে ঘাতক গাড়িটি জব্দ করে।
অন্যদিকে, একই দিন বিকেলে উপজেলার কোনাখালী ইউনিয়নে বাড়ির সামনের সড়কে আরেকটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় শিশু মোহাম্মদ রাহিত। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিনে পৃথক দুটি স্থানে বাড়ির সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।