সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা: তারেক রহমান

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | ৫:২৩ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক বিজয়ের পর আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে জাতীয় ঐক্যের ডাক দিলেন বিএনপির চেয়ারম্যান ও হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে আয়োজিত এই জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।

দলের জ্যেষ্ঠ নেতাদের পাশে রেখে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারেক রহমান প্রথমে ইংরেজিতে এবং পরে বাংলায় বক্তব্য রাখেন। তিনি বলেন, “এবার দেশ গড়ার পালা। আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, আর বিভাজন হলো দুর্বলতা।” তিনি দেশবাসীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিপুল বিজয়ের পরও বিএনপি নেতাকর্মীরা যে সংযম প্রদর্শন করেছেন, তার প্রশংসা করে তিনি সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।

বক্তব্য শেষে তারেক রহমান দেশি-বিদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় ভারত, পাকিস্তান ও চীনের সাংবাদিকরা বিএনপির পরবর্তী সরকারের দেশ পরিচালনার নীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে জানতে চান। জবাবে তারেক রহমান স্পষ্ট করে বলেন, “আমাদের সরকারের পররাষ্ট্রনীতিতে সবার আগে স্থান দেওয়া হবে বাংলাদেশের স্বার্থকে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টিতে জয়লাভ করেছে। ফলাফল স্থগিত থাকা চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। দলটির শরিকরা পেয়েছে ৩টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী ৬৮টি এবং তাদের জোটের শরিকরা ৯টি আসনে জয় পেয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন।