
সরকারের সিদ্ধান্ত স্থগিত করে আসন্ন পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতের এই আদেশের ফলে ১৫ই রমজান বা সাতই মার্চ পর্যন্ত ক্লাস চালু রাখার যে সিদ্ধান্ত সরকার নিয়েছিল, তা আর কার্যকর হচ্ছে না। বরং ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ রমজানের শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি কার্যকর হবে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, রমজান মাসেও ১৫ তারিখ পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে নিয়মিত পাঠদান চলবে। তবে মাদরাসাগুলোতে ১৫ ফেব্রুয়ারি থেকেই ছুটির ঘোষণা দেওয়া হয়। একই দেশে দুই ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্ন ছুটির নিয়ম নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।
রমজানের শুরু থেকেই শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে হাইকোর্টে রিট আবেদনটি করা হয়। এর আগে গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নোটিশের জবাব না পেয়ে জনস্বার্থে তিনি রিটটি দায়ের করেন।
রোববার সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট সরকারের আগের সিদ্ধান্ত স্থগিত করে পুরো রমজান মাসজুড়ে স্কুল বন্ধ রাখার নির্দেশনা দিল। ফলে এখন মাদরাসার মতো স্কুলগুলোও রমজানের শুরু থেকেই ছুটির আওতায় আসবে।