
চট্টগ্রামের রাউজানে এক প্রবাসীর বাড়ির তালা কেটে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই প্রবাসীর স্ত্রী রোববার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে উপজেলার ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের গরীব উল্লাহ পাড়া এলাকায় দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।
চুরির শিকার বাড়িটি সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ জাগের উদ্দীনের। তার স্ত্রী ও মামলার বাদী রূপা বেগমের অভিযোগ, চোরেরা ঘরের স্টিল ও কাঠের আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী জাগের উদ্দীনের স্ত্রী রূপা বেগম তার চার কন্যাসন্তান ও শাশুড়ি আমেনা বেগমকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি মেয়েদের নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। বাড়িতে বৃদ্ধা শাশুড়ি আমেনা বেগম থাকলেও তিনি রাতে পাশের মেয়ের বাড়িতে গিয়ে থাকতেন।
বাড়ি ফাঁকা থাকার সুযোগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বসতঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘরের আসবাবপত্র তছনছ করে এবং আলমারি ভেঙে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
রাউজান থানার ওসি (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।