সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় পণ্যের দাম বাড়ালে সরাসরি জেল: ইউএনও

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ৫:২৭ অপরাহ্ন


আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন। অসাধু ব্যবসায়ীরা যদি পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করেন কিংবা অযৌক্তিকভাবে দাম বাড়ান, তবে তাদের সরাসরি জেল-জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় স্থানীয় বাজার কমিটির প্রতিনিধি, কাঁচাবাজার ও মাংস ব্যবসায়ী, ডিলার, পাইকারি বিক্রেতা এবং ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, রমজান ইবাদতের মাস, ব্যবসার নামে শোষণের মাস নয়। মানুষ যাতে স্বাভাবিক দামে নিত্যপণ্য কিনতে পারে, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কেউ এই সুযোগে বাজার অস্থির করার চেষ্টা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সভায় মাংস বিক্রি নিয়ে বিশেষ নির্দেশনা দেন ইউএনও। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, অনেক নিম্নআয়ের পরিবার রমজানে সামান্য পরিমাণ মাংস কিনে ইফতার বা সেহরিতে খেতে চান। তাই প্রয়োজন হলে ১০০ গ্রাম মাংসও বিক্রির ব্যবস্থা রাখতে হবে; এতে করে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী বাজার করতে পারবেন। ব্যবসা মানে শুধু লাভ নয়, এর মধ্যে সামাজিক দায়বদ্ধতাও আছে বলে মন্তব্য করেন তিনি।

বাজার তদারকি জোরদার করতে সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সব দোকানে মূল্য তালিকা ঝোলানো, ওজনে কারচুপি রোধ ও ভেজাল পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাইকারি গুদামে আকস্মিক পরিদর্শনের বিষয়টি উল্লেখযোগ্য। সভায় অংশ নেওয়া ভোক্তা প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, প্রশাসনের এমন কঠোর অবস্থান ও নিয়মিত মনিটরিং থাকলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে এবং মজুতদারি নিয়ন্ত্রণে থাকবে।

ব্যবসায়ীরাও প্রশাসনের নির্দেশনা মেনে বাজার স্থিতিশীল রাখতে সহযোগিতার আশ্বাস দেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত, পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাইন। রমজানজুড়ে বিশেষ মনিটরিং সেল গঠন করে প্রতিদিন বাজার পরিস্থিতি পর্যালোচনার কথাও জানিয়েছে উপজেলা প্রশাসন।