
চট্টগ্রামের সাতকানিয়ায় রমজান সামনে রেখে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বিপুল পরিমাণ খেজুর মজুত করায় একটি হিমাগারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলার চরখাগরিয়া এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ‘মেসার্স বার আউলিয়া’ নামের ওই হিমাগারে অভিযান চালায় প্রশাসন। সেখানে প্রায় ৭৫০ থেকে ১ হাজার মেট্রিক টন খেজুর দীর্ঘদিন ধরে মজুত অবস্থায় পাওয়া যায়। প্রশাসনের ধারণা, আসন্ন রমজান মাসে বাজারে পণ্যটির সরবরাহ কমিয়ে দাম বাড়ানোর অসৎ উদ্দেশ্যেই এসব খেজুর আটকে রাখা হয়েছে।
অভিযানকালে হিমাগার কর্তৃপক্ষ সংরক্ষণ ও লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়। এ অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রমজান মাসে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে হিমাগারটিতে কোনো পণ্য সাত দিনের বেশি সংরক্ষণ না করার বিষয়ে মালিকপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।
অভিযান শেষে ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘‘রমজানকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধ মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। ভোক্তা স্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’’
খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে উপজেলা প্রশাসন।