সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তারেক রহমানের ১০ উপদেষ্টা, ৫ জন মন্ত্রী ও ৫ জন প্রতিমন্ত্রী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:২১ অপরাহ্ন


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নিজের ক্ষমতাবলে ১০ জন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এসব জ্যেষ্ঠ নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর এই ১০ উপদেষ্টার মধ্যে পাঁচজন মন্ত্রী পদমর্যাদা এবং বাকি পাঁচজন প্রতিমন্ত্রীর মর্যাদা পাবেন। মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও উন্নয়ন গবেষক রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও নতুন সরকারের উপদেষ্টা নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নতুন সরকার গঠনের দিনই নীতি নির্ধারণী পর্যায়ে সহায়তার জন্য এই নিয়োগ রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বেশ গুরুত্ব পাচ্ছে।