সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মেজবান খেতে যাওয়ার পথে লোহাগাড়ায় দুর্ঘটনা, আহত ৩ বন্ধু

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ১:৫৯ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় মেজবান খেতে যাওয়ার পথে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই পেশায় কাঠমিস্ত্রি।

দুর্ঘটনায় আহতরা হলেন চুনতি বনপুকুর বাজার এলাকার বাসিন্দা মোহাম্মদ আবু (২০), চুনতি হাসানগর এলাকার ওয়াহিদ (২৫) এবং চুনতি কালু সিকদার পাড়ার মোহাম্মদ হৃদয় (২২)।

আহতদের সহকর্মী শহীদুল ইসলাম জানান, বুধবার দুপুরে ওই তিন বন্ধু মোটরসাইকেলে করে চুনতি বনপুকুর বাজার থেকে আধুনগর এলাকায় মেজবান খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে চুনতি ডাকবাংলো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক ডা. প্রলয় চৌধুরী জানান, আহত তিনজনের মধ্যে মোহাম্মদ আবুর অবস্থা আশঙ্কাজনক। তার একটি পা ও হাতের হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আবু, ওয়াহিদ ও হৃদয়—তিনজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।