সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৮ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:২২ অপরাহ্ন


বাংলাদেশের আকাশে বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে হিজরি ১৪৪৭ সনের রমজান মাস গণনা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে সিয়াম সাধনা বা রোজা শুরু হচ্ছে।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সভা শেষে ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এই সিদ্ধান্তের ফলে বুধবার রাতেই এশার নামাজের পর মসজিদে মসজিদে তারাবি নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আর শেষ রাতে রোজা রাখার উদ্দেশ্যে সাহ্‌রি খাবেন তারা।

এর আগে মঙ্গলবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখা যায়। ফলে বুধবার থেকে সেসব দেশে রোজা শুরু হয়েছে। সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে রোজা ও ঈদ উদযাপিত হয়।