
সড়কে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনগুলো সমঝোতার ভিত্তিতে যে অর্থ সংগ্রহ করে, সেটিকে ‘চাঁদা’ হিসেবে দেখেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। তবে কাউকে বাধ্য করে টাকা নেওয়া হলে সেটিই চাঁদা হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী শেখ রবিউল আলম এ কথা বলেন।
পরিবহন খাতে অর্থ আদায়ের বিষয়টি ব্যাখ্যা করে শেখ রবিউল আলম বলেন, সড়কে পরিবহনের ক্ষেত্রে যে অর্থ নেওয়ার বিষয়টি চাঁদা হিসেবে আলোচনা হয়, তা সবসময় চাঁদা নয়। মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট হারে এই অর্থ সংগ্রহ করে থাকে। এটি অনেকটা অলিখিত নিয়মের মতো। তবে কেউ স্বেচ্ছায় না দিয়ে বাধ্য হলে সেটিকেই প্রকৃত চাঁদা বলা যায়।
সংগৃহীত অর্থ মালিক-শ্রমিকদের কল্যাণে ব্যয় করার কথা উল্লেখ করে মন্ত্রী শেখ রবিউল আলম আরও বলেন, কতটা সঠিকভাবে সেই অর্থ ব্যবহৃত হয় তা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু সমঝোতার ভিত্তিতে এ প্রক্রিয়া চললে সেটিকে চাঁদা আখ্যা দেওয়ার সুযোগ কম।
শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন এভাবে অর্থ তোলে জানিয়ে শেখ রবিউল আলম স্বীকার করেন, ক্ষমতায় যে দল থাকে, তাদের সমর্থিত শ্রমিক সংগঠনের প্রভাব সাধারণত বেশি থাকে। তবে যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন স্থাপনাগুলোতে বাইরে থেকে চাপ প্রয়োগ করে চাঁদা আদায় বা সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি স্পষ্ট করেন। কোথাও কেউ বঞ্চিত হচ্ছে কি না বা অর্থের অপব্যবহার হচ্ছে কি না, সে বিষয়ে প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
মহাসড়কে যানজট প্রসঙ্গে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, মহাসড়কের ওপর অনেক স্থানে বাজার বসে যাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। এসব বিষয় শৃঙ্খলার মধ্যে আনা জরুরি।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিয়ে শেখ রবিউল আলম বলেন, ছুটি কম হলে চাপ সামলানো কঠিন হয়। গতবার দীর্ঘ ছুটি থাকায় কিছুটা সুবিধা পাওয়া গিয়েছিল। এবারও অনুরূপ প্রক্রিয়া অনুসরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ভোগান্তি কমাতে নতুন কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও কাজ চলছে।
ঈদে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছে দিতে সরকার সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করে শেখ রবিউল আলম বলেন, ছুটির সময়সীমা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কয়েক দিনের মধ্যে বিস্তারিত জানানো সম্ভব হবে।