সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাটহাজারীর সীতাকালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, লুট হলো ৭ লাখ টাকার মালামাল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে একটি মন্দিরের টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরচক্র মন্দির থেকে অন্তত ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শ্রী শ্রী সীতাকালী মন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও মন্দির পরিচালনা পর্ষদ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের পূজারি তাঁর দৈনন্দিন পূজার কার্যক্রম শেষ করে বাড়িতে চলে যান। শুক্রবার সকালে তিনি এসে মন্দিরের মূল ফটকের তালা খুলে ভেতরে ঢোকেন এবং চুরির বিষয়টি বুঝতে পারেন। তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টি মন্দির পরিচালনা পরিষদকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে আসেন। চুরির খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনও সেখানে ভিড় করেন।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অধির চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু চক্রবর্তী জানান, চোরেরা মন্দিরের রান্নাঘরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা রান্নাঘরে রাখা দুটি গ্যাস সিলিন্ডার, চুলা, কালীমাতার শরীরে থাকা ভক্তদের দান করা স্বর্ণ ও রুপার চেইন, কপালের টিপ, পূজার তৈজসপত্র, ঘণ্টা, সোলারের ব্যাটারি, সিসি ক্যামেরার মনিটর ও মেশিন এবং মাইকের মেশিনসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৭ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা করছেন তারা।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সারোয়ার আলম ঘটনাস্থল পরিদর্শন শেষে চুরি যাওয়া মালামালের একটি তালিকা তৈরি করেছেন।

সংশ্লিষ্ট ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন সংবাদমাধ্যমের কাছে মন্দিরে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকার সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।