
কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন মানিক (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা তাঁর ছেলে মোহাম্মদ শামীম (১২) গুরুতর আহত হয়েছে। অসুস্থ ছেলেকে চিকিৎসা করাতে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন বাবা নুরুল হোসেন মানিক।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা ফরেস্ট চেকপোস্টের দক্ষিণ পাশে নাভানা সিএনজি পাম্পের সামনের সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল হোসেন মানিক চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোজাহেরপাড়ার মৃত গোলাম সোবহানের ছেলে।
স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে চট্টগ্রামমুখী একটি নম্বরবিহীন ডাম্পার ট্রাক মহাসড়কের ওই এলাকা অতিক্রম করছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বেপরোয়া গতির ডাম্পার ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জমজম হাসপাতালে নিয়ে যান।
শুক্রবার রাতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে নিহতের পরিচয় শনাক্ত করেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। তিনি জানান, ছেলে শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে চিকিৎসা করাতে মোটরসাইকেল চালিয়ে চকরিয়া উপজেলা সদরে যাচ্ছিলেন বাবা নুরুল হোসেন মানিক। পথিমধ্যেই এই দুর্ঘটনা ঘটে।
চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে নুরুল হোসেন মানিককে মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত ছেলে মোহাম্মদ শামীমকে চকরিয়ার জমজম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে।
ওসি মো. আরিফুল আমিন আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ডাম্পার ট্রাকের চালক পালিয়ে গেছে। হাইওয়ে পুলিশ ডাম্পার ট্রাক ও মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।