সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে শিগগিরই গতি ফিরবে: অর্থমন্ত্রী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০২৬ | ১১:২২ অপরাহ্ন


অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে শিগগিরই চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতি ফেরানো সম্ভব হবে। একই সঙ্গে তিনি শেয়ারবাজারে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার কথাও জানিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসভবনে চট্টগ্রাম বন্দর, কাস্টমস ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ সম্ভাবনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, চট্টগ্রাম বন্দর ও কাস্টমস থেকে শুরু করে পরিবহন শ্রমিকসহ প্রতিটি অংশীজনের সঙ্গে তারা আজ বসেছেন। কোথায় এবং কেন সমস্যা হচ্ছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এসব সমস্যার কারণে খরচ বাড়ছে এবং এই বাড়তি খরচের কারণে শিল্পকারখানার উৎপাদন খরচ ও বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও জানান, বৈঠকে অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া সম্ভব হয়েছে। তবে আন্তঃমন্ত্রণালয় সম্পৃক্ততা থাকায় কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কয়েক দিন সময় লাগবে। আমির খসরু মাহমুদ চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, শিগগিরই এসব সমস্যার সমাধান হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে দারুণ গতি আসবে এবং দ্রুত পণ্য খালাস সম্ভব হবে। এতে পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ব্যয় কমে আসবে।

বিশেষ করে আসন্ন রমজান উপলক্ষে আনা পণ্যগুলো দ্রুত খালাসের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজারে দ্রব্যমূল্য বাড়ার অনেকগুলো কারণের মধ্যে চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিস্থিতি একটি অন্যতম কারণ। দ্রুত পণ্য ডেলিভারির ব্যবস্থা করা হচ্ছে, কারণ ডেলিভারি কম থাকলে পণ্যের দাম বাড়তি থাকে। ইনশাআল্লাহ সরকার এর কার্যকর সমাধান দেবে।

শেয়ারবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, শেয়ারবাজারের ওপর জনগণ যে বিশ্বাস ও আস্থা হারিয়েছে, তা পুনরায় সৃষ্টি করতে হবে। এটি একেবারে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হতে হবে এবং স্বচ্ছতার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

সব মিলিয়ে আগামী দিনে শেয়ারবাজারে একটি বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে শেয়ারবাজারে বড় ধরনের বিপ্লব ঘটবে। এর ফলে শুধু শেয়ারবাজার ও বিনিয়োগকারীই লাভবান হবেন না, বরং দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে বিনিয়োগ বড় আকারে বাড়বে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে, রপ্তানি ও উৎপাদন বাড়বে এবং সর্বোপরি দ্রব্যমূল্যে স্থিতিশীলতা আসবে।