
জাতীয় নির্বাচনের পর ব্যক্তিগত সফরে নিজ এলাকা কক্সবাজারের কুতুবদিয়ায় গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দীন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের উত্তর মগডেইল এলাকার মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত প্রয়াত বাবা-মায়ের কবর জিয়ারত করেন তিনি।
এর আগে সিইসি এ এম এম নাছির উদ্দীন পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাট থেকে সাগরপথে সি-ট্রাকযোগে কুতুবদিয়ার বড়ঘোপ জেটিঘাটে পৌঁছান। সেখানে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানার নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।
কবর জিয়ারত শেষে সিইসি মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ ও বড়ঘোপ সমুদ্রসৈকত পরিদর্শন করেন। এ সময় তিনি আত্মীয়স্বজনসহ স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। ব্যক্তিগত এই সফর শেষে এদিন বিকেলেই কক্সবাজারের উদ্দেশে কুতুবদিয়া ত্যাগ করেন প্রধান নির্বাচন কমিশনার নাছির উদ্দীন।