সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ৩ পরিবারের বসতঘর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | ৭:১৬ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে পরিবারগুলোর অন্তত ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

​বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মশীল পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন বাদল শীল, ঝন্টু শীল ও সজল শীল।

​স্থানীয়রা জানান, সকালে হঠাৎ একটি ঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় ঘরের ভেতরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও তিনটি পরিবারের মাথা গোঁজার ঠাঁইসহ সবকিছু ভস্মীভূত হয়।

​লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ফায়ারম্যান নাঈম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন।