সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১২:২৫ পূর্বাহ্ন


চট্টগ্রামের রাউজানে ইফতারের পর বাজারে অবস্থানকালে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

​বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়া হাট বাজারে এই ঘটনা ঘটে।

​নিহত আব্দুল মজিদ প্রকাশ ভান্ডারী ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলোর বাপের বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তার পরিবার জানিয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ইফতার শেষে বাড়ির কাছাকাছি অলি মিয়া হাট বাজারে একটি ফলের দোকানের সামনে যান আব্দুল মজিদ। সেখানে কয়েকজনের সঙ্গে তার তর্কাতর্কি হয়। একপর্যায়ে ৪-৫ জনের একটি সশস্ত্র দল তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

​গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে আব্দুল মজিদের মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

​পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপ্ত দাশ রায় জানান, ইফতারের পর বাজারে কয়েকজনের সঙ্গে ওই যুবদল কর্মীর তর্কাতর্কি হয়। একপর্যায়ে তাকে গুলি করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

​নিহতের স্ত্রী শাহনাজ বেগম জানান, ইফতার শেষে তার স্বামী বাজারে গিয়েছিলেন। কিছুক্ষণ পরই তারা গুলির খবর পান। তিনি তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​এর আগে গত ৫ জানুয়ারি একই এলাকায় দুর্বৃত্তের গুলিতে উপজেলা যুবদলের সদস্য জানে আলম সিকদার নিহত হন। স্থানীয়দের তথ্যমতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাউজানে ১৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও নির্বাচনের পর এটিই প্রথম হত্যাকাণ্ড।