
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ইটভাটা মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল আলম।
মামলায় ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, তার সহযোগী আলাউদ্দিন এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি গ্রহণ করে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ১১ ফেব্রুয়ারি সকালে আসামিরা ভুক্তভোগীর এন এস ব্রিকফিল্ডে গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চার দিনের সময় দিয়ে চলে যান।
পরবর্তীতে ১৫ ফেব্রুয়ারি বিকেলে তারা আবার সেখানে গিয়ে একই পরিমাণ টাকা দাবি করেন। এ সময় তারা শফিউল আলমের শার্টের কলার ধরে টানাহেঁচড়া ও মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
চাঁদা না পেয়ে আসামিরা ইটভাটার ইঞ্জিন ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেন, এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।