সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সড়ক সংস্কারকাজ পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী, দিলেন উন্নয়নের বার্তা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৬ ফেব্রুয়ারী ২০২৬ | ১০:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলাকে অবহেলা কাটিয়ে অচিরেই উন্নয়নের রোল মডেলে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া উপজেলার চলমান একাধিক সড়কের সংস্কার ও উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছর পার হলেও উন্নয়নের দিক থেকে সাতকানিয়া ও লোহাগাড়া এখনো অনেকখানি অবহেলিত রয়ে গেছে। তবে এখন সময় এসেছে সবার হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নকাজে সম্পৃক্ত হওয়ার।

তিনি আরও বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত থাকলে এই এলাকা খুব দ্রুতই উন্নয়নের রোল মডেলে পরিণত হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।

সড়কের উন্নয়নকাজ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, সাতকানিয়া জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন এবং যুব বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী।

এছাড়া এই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবর, ঢেমশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের, ইউপি সদস্য পলাশ সেন, আমিলাইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি মোজাম্মেল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম এবং ঢেমশা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হোসাইন আল হিসাম মোহাম্মদ জাবেদ।

পাশাপাশি ছদাহা ইউনিয়নের ইউপি সদস্য মো. আইয়ুব, এওচিয়া ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মো. জাকারিয়া, নলুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি নুরুল কবির, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি সাদেক হোসেন, নলুয়া পেশাজীবী ইউনিটের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সাতকানিয়া যুব ঐক্য কাফেলার সভাপতি আনিসুর রহমান পারভেজ এবং সহ-মানব কল্যাণ সম্পাদক রবিউল হোসেনসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।