
চট্টগ্রামের রাউজানে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ১১ নম্বর পশ্চিম গুজরা ইউনিয়নের গোরাছা ফকির পাড়ার হাজী জহির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, ৫১ ভরির বেশি স্বর্ণালংকার এবং ৪টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা হাজী জহির আহমদ, তাঁর স্ত্রী শামসুন নাহার, পুত্রবধূ রিনা আকতার ও নাতি রাতুল গুরুতর আহত হন।
ভুক্তভোগী হাজী জহির আহমদ জানান, রাতে ৬-৭ জনের একটি সশস্ত্র ডাকাত দল ঘরে ঢুকে তাঁকে কম্বল পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে। তাঁর স্ত্রী শামসুন নাহারের মুখে টিস্যু গুঁজে দেয় এবং মাথা ও পিঠে আঘাত করে রক্তাক্ত করে।
পুত্রবধূ রিনা আকতার জানান, ডাকাতরা তাঁর ছেলে রাতুলের মাথায় অস্ত্র ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে স্প্রে করে তাঁকে ও তাঁর সন্তানদের অজ্ঞান করে ফেলে।
খবর পেয়ে শুক্রবার সকালে পূর্ব গুজরা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আকতার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আহত হাজী জহির আহমদ, শামসুন নাহার, রিনা আকতার ও রাতুল স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।