
দেশের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শনিবার চট্টগ্রামের গোলাগুলির ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করা গেছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। তিনি জানান, চট্টগ্রামে একটি সন্ত্রাসী গ্রুপ দুই মাস আগে এক বড় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করে। এরপর পুলিশের পক্ষ থেকে ওই ব্যবসায়ীর নিরাপত্তা নিশ্চিত করা হয়। সুবিধা করতে না পেরে দুই মাস পর ভারী অস্ত্র দিয়ে ওই গোলাগুলির ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।
নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৩ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, একটি ভালো রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশে স্থিতিশীলতা আসে। নরসিংদীর নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কতটা আন্তরিক ও কঠোর, তা জনগণ ইতোমধ্যে বুঝতে পেরেছে।
সশস্ত্র বাহিনীর মাঠে থাকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ জানান, সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে, তা উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশিক্ষণসহ অন্যান্য কর্মকাণ্ডে সমস্যা হওয়ায় সেনাবাহিনী নিজেরাও মাঠে থাকতে চায় না।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় র্যাবের নাম ও পোশাক বদলানোর বিষয়ে জনচাহিদা রয়েছে, যা জুলাই জাতীয় সনদেও সুপারিশ করা হয়েছে। এই বিশেষায়িত বাহিনীর জবাবদিহি, স্বচ্ছতা এবং কাজের পরিধি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
সালাহউদ্দিন আহমদ জানান, জুলাই গণ-অভ্যুত্থানে যাঁরা নেতৃত্ব দিয়েছেন ও অংশ নিয়েছেন, তাঁদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা দেওয়া হবে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টির মতো অধ্যাদেশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনই উপস্থাপন করা হবে।
রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। দুপুরে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সাক্ষাৎকালে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হবে জনগণের পারস্পরিক যোগাযোগ, কোনো রাজনৈতিক দলের সঙ্গে অন্য দলের সম্পর্ক নয়। পাশাপাশি সীমান্তে হত্যার সংখ্যা দ্রুত শূন্যে নামিয়ে আনার অনুরোধ করেন তিনি।
অন্যদিকে, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।