সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আনোয়ারায় রূপালী ব্যাংকের ভেতর থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ মার্চ ২০২৬ | ১২:০৪ পূর্বাহ্ন


চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সদরে রূপালী ব্যাংকের একটি শাখা থেকে অঞ্জন মল্লিক (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে আটটার দিকে ব্যাংকের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত অঞ্জন মল্লিকের বাড়ি পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে। তবে তাঁর পরিবার ও আত্মীয়স্বজন পাশের বোয়ালখালী উপজেলায় বসবাস করেন বলে জানা গেছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর থেকে নিরাপত্তাকর্মী অঞ্জন মল্লিক ব্যাংকের ভেতরেই অবস্থান করছিলেন। শুক্র ও শনিবার ছুটির পর রোববার সকালে ব্যাংকে প্রবেশ করে কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, অঞ্জন মল্লিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।