
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার কারণে আটকে থাকা স্থানীয় তদন্ত দ্রুত শেষ করে এসব আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার ইসির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খানের সই করা এ-সংক্রান্ত একটি চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এরই মধ্যে চিঠিটি সব থানা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে খান আবি শাহানুর খান উল্লেখ করেছেন, বিভিন্ন দেশের হাইকমিশন, দূতাবাস, কনস্যুলেট ও মিশন অফিসগুলোয় বায়োমেট্রিক প্রদান করা প্রবাসী ভোটারদের স্থানীয় তদন্তের কার্যক্রম সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সম্পন্ন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কারণে প্রবাসী ভোটারদের অসংখ্য আবেদনের তদন্ত ঝুলে রয়েছে, যা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।
প্রবাসী বাংলাদেশি ভোটারদের যেসব আবেদনের স্থানীয় তদন্ত আটকে রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি বলেও চিঠিতে উল্লেখ করেছেন এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান।