সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় পর্যটক এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর, রেলকর্মী আহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ মার্চ ২০২৬ | ৯:২৯ অপরাহ্ন


কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশনের অদূরে ঢাকাগামী যাত্রীবাহী একটি ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনায় ছাবের আহমদ (৫২) নামের এক রেলকর্মী গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার (২ মার্চ) রাত ৮টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। আহত ছাবের আহমদ রেলের বেডিং পোর্টার হিসেবে কর্মরত। ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত ও অন্যান্য কোচে যাত্রীদের জন্য চাদর, বালিশ ও কম্বল সরবরাহ করতেন তিনি। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

রেলওয়ে চকরিয়া উপজেলার সাহারবিল স্টেশন মাস্টার ফরহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। ফরহাদ চৌধুরী জানান, সোমবার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ওই রেলকর্মী গুরুতর আহত হন। ডুলাহাজারা স্টেশনে পর্যটক এক্সপ্রেস ঢোকার আগেই ঘটনাটি ঘটে।

ট্রেনে থাকা অন্যান্য সহকর্মীর সহায়তায় ছাবের আহমদকে দ্রুত স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে রাত আনুমানিক ৯টার দিকে তাঁর রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রচুর রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রেলসংশ্লিষ্টরা জানিয়েছেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ। এতে যাত্রী ও রেলকর্মীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। এর আগেও কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের চকরিয়া এবং আশপাশের এলাকায় আরও কয়েকবার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য রেলওয়ে প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রেলওয়েতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে জানতে চাইলে রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারা স্টেশন মাস্টার মোহাম্মদ মোস্তফা জানান, রেলওয়ে পুলিশসহ তাঁরা সরেজমিনে গিয়ে জানতে পেরেছেন, রেললাইনের ঈদগাঁও ও চকরিয়া উপজেলার মধ্যবর্তী স্থানে পাথর নিক্ষেপের এ ঘটনা ঘটে। আহত বেডিং পোর্টার ছাবের আহমদের মাথায় ১০টি সেলাই দেওয়া হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্টেশন মাস্টার মোহাম্মদ মোস্তফা আরও বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।