সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

হাফেজ ও এতিমদের নিয়ে বোনানজা ক্লাবের ইফতার, ১১ জনকে সম্মাননা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ মার্চ ২০২৬ | ১২:৩১ পূর্বাহ্ন


পবিত্র কুরআনের হাফেজ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিল এবং ঈদ উপহার বিতরণ করেছে বোনানজা ক্লাব। একই সঙ্গে সংগঠনটির অষ্টম বর্ষপূর্তি উদযাপন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বিশেষ বার্ষিক সম্মাননা-২০২৫’ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) নগরীর একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. হাসমত আলী বলেন, আত্মকেন্দ্রিক সমাজব্যবস্থায় নিবেদিতপ্রাণ তরুণ-যুবকরা স্বেচ্ছায় যে শ্রম দিয়ে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবিদার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক জানান, মাহে রমজানের প্রকৃত শিক্ষার প্রতিচ্ছবি বোনানজার মানবিক কার্যক্রমে ফুটে ওঠে। এছাড়া অন্যান্য বক্তারা সমাজের অবহেলিত হাফেজ ও এতিমদের পাশে দাঁড়ানোকে একটি মানবিক দায়িত্ব হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ১১ জন বিশিষ্ট ব্যক্তি হলেন লায়ন্স স্কলারশিপ ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মোস্তাক হোসাইন, আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. হাসমত আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ও বীর গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ক্লাবের উপদেষ্টা ও তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির উপদেষ্টা মাহমুদুল হক, ক্লাবের উপদেষ্টা ও তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুল হক ডিউক, কিষোয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. নুরশেদুল মামুন, সরকারি হাজী আবদুল বাতেন কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ এবং ন্যাশনাল ইংলিশ স্কুল চট্টগ্রামের অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল।

বোনানজা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ শাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রজেক্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফিউল হাসান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন ক্লাব সেক্রেটারি আতহার শিহাব জাকি ও প্রজেক্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব তানবিরুল ইসলাম তুষার। শেষে মোনাজাত পরিচালনা করেন বন্দরটিলা আলী শাহ সেন্ট্রাল মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন মাহবুব।