সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দুবাইয়ে চরম অচলাবস্থা: কোটি টাকা ভাড়ায় প্রাইভেট জেটে পালাচ্ছেন ধনকুবেররা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ মার্চ ২০২৬ | ১২:১৬ অপরাহ্ন


ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর তেহরানের পালটা নিশানায় পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি। এর জেরে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে দেখা দিয়েছে চরম অচলাবস্থা। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, বিলাসবহুল হোটেল এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বসবাসরত প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা এখন সপরিবারে দেশ ছাড়তে মরিয়া। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় আকাশছোঁয়া ভাড়ায় প্রাইভেট জেটে করে শহর ছাড়ছেন তারা।

ওমান ও রিয়াদমুখী মানুষের ঢল

ঝলমলে দুবাই এখন পরিণত হয়েছে চরম উৎকণ্ঠার শহরে। এ পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে অনেকেই ছুটছেন পার্শ্ববর্তী দেশ ওমানের দিকে। গাড়িতে সাড়ে চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে ওমানের মাসকাট বিমানবন্দরে পৌঁছালেও সেখানে ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে। বিভিন্ন অনলাইন বুকিং সাইটের তথ্য অনুযায়ী, মাসকাট থেকে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত ইউরোপগামী সব বাণিজ্যিক ফ্লাইটের টিকিট শেষ হয়ে গেছে।

অন্যদিকে আমিরাত ছাড়তে ইচ্ছুক অনেক যাত্রী ১০ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবের রিয়াদে যাচ্ছেন, কারণ সেখানকার বিমানবন্দর এখনো সচল রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সেমাফোর জানিয়েছে, অনেক বেসরকারি নিরাপত্তা সংস্থা ‘এসইউভি’ গাড়ির বহর ভাড়া করে যাত্রীদের নিরাপদে রিয়াদে পৌঁছে দিচ্ছে এবং সেখান থেকে প্রাইভেট ফ্লাইটের ব্যবস্থা করে দিচ্ছে।

সোনার হরিণ প্রাইভেট জেট, ভাড়া ছাড়িয়েছে কোটি টাকা

বাণিজ্যিক ফ্লাইটের চরম সংকটে ধনকুবেরদের একমাত্র ভরসা এখন চার্টার্ড বিমান। মাসকাটভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান ‘জেটভিআইপি’ দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, নেক্সট্যান্ট নামের ছোট জেটে ইস্তাম্বুল যাওয়ার খরচ এখন স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেড়ে ৮৫ হাজার ইউরো (প্রায় ১ কোটি ২২ লাখ টাকা) হয়েছে। মস্কোগামী ফ্লাইটে একেকটি সিটের ভাড়া পড়ছে প্রায় ২৮ লাখ ৬৭ হাজার টাকা।

অস্ট্রিয়াভিত্তিক চার্টার প্রতিষ্ঠান অ্যালবাজেট ইউরোপ যাওয়ার জন্য প্রায় ১ কোটি ২৯ লাখ টাকা ভাড়া চাইছে। প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান ভিমানা প্রাইভেট জেটসের প্রধান নির্বাহী আমির ন্যারান জানান, রিয়াদ থেকে ইউরোপের ফ্লাইটের ভাড়া প্রায় ৪ কোটি ২৯ লাখ টাকায় গিয়ে ঠেকেছে। যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকিতে অনেক অপারেটর ফ্লাইট পরিচালনা বন্ধ রাখায় জোগানের এই তীব্র সংকট দেখা দিয়েছে।

ইতালিতে মন্ত্রীর ফেরা নিয়ে রাজনৈতিক বিতর্ক

দুবাইয়ের এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ইতালিতে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো সরকারি বিমানে দুবাই থেকে দেশে ফেরায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। যুদ্ধ শুরুর সময় তিনি সপরিবারে দুবাইয়ে অবকাশ যাপনে ছিলেন। শত শত ইতালীয় নাগরিক আটকে থাকার সময় মন্ত্রীর এমন পদক্ষেপে রোমের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দলগুলো তার পদত্যাগ দাবি করেছে। তবে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে মন্ত্রী পরিবারকে দুবাইয়ে রেখেই নিজ খরচে একাই দেশে ফিরেছেন বলে দাবি করেছেন।

আটকে পড়া পর্যটকদের দুর্দশা

ফ্লাইট জটিলতায় হাজার হাজার পশ্চিমা পর্যটক দুবাইয়ের হোটেল ও মাঝসমুদ্রে প্রমোদতরিতে আটকা পড়েছেন। দুবাই পর্যটন বোর্ড স্থানীয় হোটেলগুলোকে পর্যটকদের বের না করে দেওয়ার এবং পুরোনো ভাড়াতেই থাকার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছে। তবে অনেক পর্যটক অনলাইনে অভিযোগ করেছেন, তাদের কাছে বাড়তি ভাড়া দাবি করা হচ্ছে অথবা রিসোর্ট ছাড়তে বলা হচ্ছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে অন্তত ছয়টি বড় প্রমোদতরি নিরাপত্তার কারণে মাঝসমুদ্রে নোঙর করেছে এবং যাত্রীদের নিজ নিজ কেবিনে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।

দুবাইভিত্তিক আইনজীবী ইরিনা হিভার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, দুবাইয়ের মানুষ এখন তিনটি দলে বিভক্ত। একদল দ্রুত ওমান সীমান্তের দিকে ছুটছেন, দ্বিতীয় দল জীবন স্বাভাবিক ভেবে সৈকতে সময় কাটাচ্ছেন এবং তৃতীয় দল সরকারি নির্দেশনা মেনে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।

সামগ্রিকভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের এই সংঘাত দুবাইয়ের বিলাসী জীবনকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে।