
সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসকক্ষে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে (যেমন সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে যাওয়া) সম্পৃক্ত হওয়ার কারণে অনেকেই নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকেন না। জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দাপ্তরিক অন্যান্য কর্মসূচিও এমনভাবে সাজাতে হবে যাতে এই নির্ধারিত সময়টুকু কোনোভাবেই বিঘ্নিত না হয়।
পরিপত্রে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে আসা-যাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে কাজের ধরন বিবেচনায় কিছু ক্ষেত্রে এই নিয়ম শিথিল রাখা হয়েছে। শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যাঁরা প্রশাসনিক দায়িত্বে নেই, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। এ ছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম বা নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যাঁরা রোস্টার ডিউটি করেন, জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
পরিপত্রে আরও স্পষ্ট করা হয়েছে যে, ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্র ছাড়া কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে কর্মস্থল ত্যাগ করা যাবে না। দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালে কাউকে অফিস ত্যাগ না করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, এই পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।